সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন টিভি পর্দার পরিচিত মুখ উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ। শো শেষে বাসায় ফেরার পথে তাকে বহনকারী গাড়িটিতে একটি দ্রতগামী পিকআপ সজোরে ধাক্কা দেয়। এতে মাথা, বুক, হাত ও পায়ে আঘাত পেলেও বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার বিস্তারিত তুলে ধরেন মৌসুমী মৌ। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ! অনেক বড় বিপদ থেকে গতকাল বেঁচে গেছি। শো শেষ করে বাসায় ফেরার পথে একটি পিকআপ আমাদের গাড়িতে ধাক্কা দেয়। এরপর আমি গাড়ির বাম পাশ থেকে ডান দিকে ছিটকে পড়ি। এতে মাথা, বুকে, পা ও হাতে ব্যথা পাই। কিন্তু বড় ধরণের কোনো কিছু আমার হয়নি।’
ঘটনার ভয়াবহতা বর্ণনা ও পেছনের সহকর্মীর অলৌকিক বেঁচে যাওয়া নিয়ে অভিনেত্রী লেখেন, ‘আমার গাড়ির ঠিক পেছনে বাইকে ছিল আমার মেকআপ আর্টিস্ট মুমিন। কয়েক সেকেন্ডের ব্যাপার যদি মুমিনকে পিকআপ ধাক্কা দিত তাহলে মুমিন উড়ে চলে যেত। আর যদি আমার গাড়ির আরেকটু সামনে বা দরজায় মারতো তাহলে আমিও হয়তো আর জীবিত থাকতাম না।’
পিকআপচালকের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করে মৌসুমী মৌ লিখেছেন, ‘ড্রাইভারটা চরম বেয়াদব। ওর পিকআপের ব্রেক ঠিক নেই। তার আচরণে মনে হচ্ছিল কিছু খেয়ে সে গাড়ি চালাচ্ছে। পরে ওর মালিক এসে জানালেন ওর গাড়ি চালানোর কথা ছিল না।’
সবশেষে দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী লেখেন, ‘যাইহোক কোনটা সঠিক কোনটা বেঠিক জানি না। বেঁচে আছি, ভালো আছি, এটাই সবচেয়ে বড় কথা।’