বুড়িমারী সীমান্তে এসে পড়ল বিএসএফের ড্রোন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলীবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি ড্রোন ভূপাতিত হয়েছে। আজ মঙ্গলবার (৫ মে) দুপুরের দিকে বাংলাদেশের প্রায় ২০ গজ অভ্যন্তরে এসে সেটি আছড়ে পড়ে। পরে ঘটনাস্থল থেকে ড্রোনটি উদ্ধার করে বিজিবি।

বিজিবি জানায়, আন্তর্জাতিক সীমান্তের ৮৪১ নম্বর প্রধান পিলারের ৮ নম্বর উপপিলার এলাকা দিয়ে বাংলাদেশের প্রায় ২০ গজ অভ্যন্তরে এসে আছড়ে পড়ে ড্রোনটি। সীমান্তের ওপারে ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের একটি দল সীমান্তে ড্রোনটি উড়িয়ে ভিডিও করতে থাকে। এ সময় হঠাৎ ভোঁ ভোঁ শব্দ করে ড্রোনটি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে একটি ভুট্টাক্ষেতে এসে আছড়ে পড়ে। এতে আশপাশের ক্ষেতে কাজ করতে থাকা বাংলাদেশি কৃষকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, ‘ড্রোনটির বিষয়ে বিএসএফ আমাদের কাছে খোঁজখবর নিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *