মা হওয়ার পর প্রথম জন্মদিন, তাই এবারের বিশেষ দিনটি ক্যাটরিনা কইফের জন্য ছিল অন্যরকম আবেগের। পরিবারের ঘনিষ্ঠদের সঙ্গে ঘরোয়া পরিবেশেই জন্মদিন উদ্যাপন করেছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। তবে এবারের উদ্যাপনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ছোট্ট ছেলে বিহান।
জন্মদিনের কিছু সুন্দর মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ক্যাটরিনা। ছবিতে দেখা গেছে, খুদে ছেলেকে কোলে নিয়ে আদর করছেন অভিনেত্রী। কোথাও বিহানের ছোট্ট হাত ছুঁয়ে রয়েছে মায়ের মুখ, আবার কোথাও ছেলেকে স্নেহের চুম্বনে ভরিয়ে দিচ্ছেন তিনি। মা ও সন্তানের এই মায়াময় মুহূর্তগুলো ভক্তদের নজর কেড়েছে।
সন্তান জন্মের পর থেকে নিজের ব্যক্তিগত জীবন অনেকটাই আড়ালে রেখেছেন ক্যাটরিনা। তবে বিশেষ দিনগুলোতে পরিবারের কিছু ঝলক ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবারের জন্মদিনের ছবিতেও ফুটে উঠেছে মাতৃত্বের আনন্দ এবং পরিবারের সঙ্গে কাটানো সুন্দর সময়।
ছবি শেয়ার করে ক্যাটরিনা লিখেছেন, “তুমি আমার জীবনের সবচেয়ে অমূল্য আশীর্বাদ। কৃতজ্ঞ হয়ে তোমার দিকে তাকিয়ে থাকি। শ্রেষ্ঠ জন্মদিন কাটালাম।” তার এই বার্তায় ছেলের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি স্পষ্ট হয়ে উঠেছে।
জন্মদিনে স্বামী ভিকি কৌশলও স্ত্রীকে ভালোবাসায় ভরা শুভেচ্ছা জানিয়েছেন। বিশেষ সাজসজ্জার সামনে দাঁড়িয়ে ক্যাটরিনাকে জড়িয়ে ধরা একটি ছবি পোস্ট করে ভিকি লিখেছিলেন, প্রিয়তমার জন্মদিনের শুভেচ্ছা। তাদের এই ভালোবাসার মুহূর্তও ভক্তদের মন জয় করেছে।
ক্যাটরিনার জন্মদিনের ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। বিশেষ করে বিহানের সঙ্গে মায়ের মধুর মুহূর্তগুলো নিয়ে প্রশংসায় মেতেছেন অনুরাগীরা। অনেকের মতে, তারকাখ্যাতির বাইরে একজন মা হিসেবে ক্যাটরিনার এই সাধারণ ও আবেগঘন মুহূর্তগুলোই সবচেয়ে বেশি স্পর্শ করেছে সবাইকে।
এসএন/পিডিকে