বিশ্বকাপে ইতিহাস বদলাতে চায় বাংলাদেশ

আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে বাংলাদেশের অতীত ইতিহাস খুব একটা সুখকর নয়। এবার সেই ইতিহাস বদলাতে চান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিশ্বকাপ অংশ নিতে দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে এমন প্রত্যাশার কথা জানান বাংলাদেশ অধিনায়ক। 

২০১৪ সাল থেকে নিয়মিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। কিন্তু বিশ্বকাপের মঞ্চে নিজেদের মেলে ধরতে পারেনি টাইগ্রেসরা। বিশ্বকাপের আগের ৬ আসরে ২৫ ম্যাচ খেলে মাত্র ৩টিতে জিতেছে তারা। বাকি ২২ ম্যাচই হেরেছে বাংলাদেশ। 

ইংল্যান্ডে আসন্ন বিশ্বকাপে আরও বেশি জয় তুলে নিয়ে নতুন ইতিহাস রচনার চ্যালেঞ্জ বাংলাদেশের বলে জানান জ্যোতি। তিনি বলেন, ‘দীর্ঘ সময় আমরা জয়বিহীন ছিলাম। তবে আমি এটাকে বোঝা হিসেবে দেখছি না। ইতিহাস বদলে দেওয়ার একটি চ্যালেঞ্জ হিসেবেই দেখছি।’অতীতের সব রেকর্ড মুছে আসন্ন বিশ্বকাপে ভালো ফলাফলের প্রত্যাশা করছেন জ্যোতি। বিশ্বকাপের আগে স্কটল্যান্ডের মাটিতে নেদারল্যান্ডসকে নিয়ে ত্রিদেশীয় সিরিজও খেলবে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারার লক্ষ্য বাংলাদেশের। 

আগামী ৩০ ও ৩১ মে এবং ২ জুন ও ৪ জুন ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলো খেলবে বাংলাদেশ। 

১৪ জুন বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১৭ জুন লিডসে অস্ট্রেলিয়া, ২০ জুন ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তান, একই মাঠে ২৫ জুন ভারতের এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *