বিরতিতে আর্টসেল ব্যান্ডের লিংকন, নতুন ভোকাল বখতিয়ার

ব্যক্তিগত কারণে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রক ব্যান্ড ‘আর্টসেল’-এর ভোকাল জর্জ লিংকন ডি কস্তা। তাঁর অনুপস্থিতিতে আর্টসেলের মঞ্চযাত্রা সচল রাখতে ‘ট্যুরিং ভোকাল’ হিসেবে যুক্ত হয়েছেন বে অব বেঙ্গল ব্যান্ডের সাবেক ভোকাল বখতিয়ার হোসাইন। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন ব্যান্ডের সদস্যরা।

লিংকন বর্তমানে কানাডায় আছেন। দীর্ঘ ২৭ বছরের সংগীতজীবনে এই প্রথমবারের মত ব্যান্ডের নিয়মিত কার্যক্রম থেকে বিরতি নিলেন তিনি।

ভিডিও বার্তায় লিংকন বলেন, ‘আমার জীবনে এই প্রথম ব্যান্ডের সবাইকে এবং ভক্তদের ছেড়ে দেশের বাইরে এত দিন থাকা। দীর্ঘ ২৭ বছরে আমি কখনো আর্টসেলের ক্লাসে অনুপস্থিত থাকিনি।’

‘কিন্তু জীবনের চলার পথে এমন কিছু পরিস্থিতি আসে, যা এড়ানো যায় না। এটা সময়ের দাবি। সঙ্গত কারণেই সবার সঙ্গে বসে আমি কিছুটা সময় বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি আবার ফিরব।’

লিংকন জানিয়েছেন, ব্যান্ডের সদস্যদের সঙ্গে আলোচনা করেই নিজের অনুপস্থিতিতে নতুন ‘ট্যুরিং ভোকাল’ নেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন তিনি।

তার ভাষ্য, ব্যক্তি নয়, সংগঠনের অস্তিত্বই বড়। তার অনুপস্থিতিতে যেন আর্টসেলের পথচলা থেমে না যায় এবং ভক্তরা যেন কনসার্ট থেকে বঞ্চিত না হন, সে কারণেই এই বিকল্প ব্যবস্থা।

অতিথি শিল্পী বখতিয়ারকে নিয়ে লিংকন বলেন, ‘বখতিয়ার অসাধারণ একজন ভোকাল ও মিউজিশিয়ান। সে আর্টসেলের আবেগ ও লিগ্যাসিটা বোঝে।’

ভক্তদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে লিংকন বলেন, ‘কাউকে কারও সঙ্গে তুলনা করবেন না। বখতিয়ার যখন স্টেজে গাইবে, তখন তার ব্যক্তিগত যোগ্যতা ও গুণের জন্য তাকে ভালোবাসবেন। আমি দূরে থাকলেও সব সময় আর্টসেলের সঙ্গেই আছি।’

আর্টসেলের সঙ্গে যুক্ত হতে পেরে আবেগাপ্লুত বখতিয়ার হোসাইন। তিনি বলেন, ‘আর্টসেল একটি লিগ্যাসি। লিংকন ভাইয়ের জায়গা নেওয়ার ধৃষ্টতা আমার নেই। তবে আমার সংগীতজীবনে আর্টসেল সব সময়ই আবেগের একটি জায়গা ছিল। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’

বখতিয়ার হোসাইন এর আগে ব্যান্ড ‘বে অব বেঙ্গল’এর লিড ভোকালিস্ট, গিটারিস্ট ও গীতিকার ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে তিনি ব্যান্ডটি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।

১৯৯৯ সালে যাত্রা শুরু করা আর্টসেল বাংলাদেশের প্রোগ্রেসিভ মেটাল ও রক সংগীতের অন্যতম প্রভাবশালী ব্যান্ড।

‘দুঃখবিলাস’, ‘অনুভূতি’, ‘পথচলা’, ‘অনিকেত প্রান্তর’ এর মতো অনেক দর্শকপ্রিয় গান উপহার দিয়েছে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *