বিয়ে-তালাকের তথ্য গোপন, স্ত্রীর বিরুদ্ধে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণের মামলা

একাধিক বিয়ে ও তালাকের তথ্য গোপন করে নিজেকে ‘অবিবাহিতা’ দাবি করে বিয়ের অভিযোগে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ঢাকার আদালতে উদয় জালাল দীপ নামে এক ব্যক্তি মামলা করেছেন। পাশাপাশি বিয়ে ও কাবিননামা অবৈধ ঘোষণার প্রার্থনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় সিনিয়র সিভিল জজ খাদিজা আক্তারের আদালতে এ মামলা হয়। শুনানি শেষে স্ত্রী শেখ অবন্তী ঐশীকে আদালতে হাজিরে সমন জারি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান এ তথ্য জানান। তিনি বলেন, আজ আদালতে মামলার বাদী হাজির হন।

নথি থেকে জানা গেছে, বিবাদী অবন্তী ঐশী নিজের পূর্ববর্তী বিয়ে ও তালাকের তথ্য গোপন করে নিজেকে অবিবাহিতা হিসেবে উপস্থাপন করেন। সেই তথ্য বিশ্বাস করেই বাদী জালাল দীপ ২০২৪ সালের ১২ ডিসেম্বর ২০ লাখ টাকা দেনমোহরে তাকে বিয়ে করেন। দেনমোহরের অংশ হিসেবে সাড়ে ৪ লাখ টাকা প্রদান করেন। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর তিনি জানতে পারেন, বিবাদী এর আগেও একাধিকবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

আরও জানা গেছে, বিবাহের পর বাদী দাম্পত্য জীবনের প্রতি আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে তাকে বিভিন্ন সময়ে দেনমোহরের অপরিশোধিত অংশ, পারিবারিক প্রয়োজন, ব্যক্তিগত আর্থিক সংকটসহ ইত্যাদি বিভিন্ন কারণে প্রায় ৩০ লাখ টাকা প্রদান করেন। এ ছাড়া সাড়ে ৮ ভরি স্বর্ণের গহনাও প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *