পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় তিন বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে চার দিন ধরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন এক তরুণী। ঘটনার দিন থেকে কথিত প্রেমিক আব্দুল্লাহ আল ইমন পলাতক।
আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে অনশনের এ ঘটনায় প্রেমিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই তরুণী।
ভুক্তভোগী তরুণী মারজিয়ার (১৮) বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার মরিচবুনিয়া গ্রামে। প্রেমিক আব্দুল্লাহ আল ইমন (২২) নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পঞ্চবেকী গ্রামের বাসিন্দা। লিখিত অভিযোগে ইমনের বাবা তাইজুল ইসলাম ও মা মুরশিদা বেগমকেও বিবাদী করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ইমনের ছোট বোনের মাধ্যমে মারজিয়ার সঙ্গে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি উভয় পরিবারের সদস্যরাও জানতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সম্পর্ক চলাকালে ইমন একাধিকবার মারজিয়াকে বিয়ের প্রতিশ্রুতি দেন।
অভিযোগে আরও বলা হয়, গত ১৭ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে ইমনের কথামতো মারজিয়া মরিচবুনিয়া বাজারে যান। সেখান থেকে ইমন তাকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে যাওয়ার পর ইমনের মা-বাবা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ইমনও তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাটির সাক্ষী ছিলেন বলেও দাবি করা হয়েছে অভিযোগপত্রে।
এরপর বিষয়টি আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে আজ নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ করেন মারজিয়া। অভিযোগে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।