বিজ্ঞাপনে কাজ করে আইনি জটিলতায় শাহরুখ-অজয়-টাইগার

পান মশলার বিজ্ঞাপনে যুক্ত থাকার অভিযোগে আইনি জটিলতায় পড়েছেন বলিউডের তিন জনপ্রিয় তারকা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ। নিষিদ্ধ তামাকজাত পণ্যের পরোক্ষ প্রচারের অভিযোগে তাদের আইনি নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন।

অভিযোগ উঠেছে, এলাচের বিজ্ঞাপনের আড়ালে নিষিদ্ধ তামাকজাত পান মশলার প্রচার করছেন এই তিন অভিনেতা। প্রশাসনের দাবি, তারকাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পরোক্ষভাবে তরুণ প্রজন্মকে ক্ষতিকর নেশার দিকে উৎসাহিত করা হচ্ছে। বিজ্ঞাপনে ব্যবহৃত প্রতীক ও সংলাপের মাধ্যমেও ভোক্তাদের বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

মহারাষ্ট্রে দীর্ঘদিন ধরেই গুটকা ও তামাকজাত পান মশলা নিষিদ্ধ। গত ১১ আগস্ট পাঠানো নোটিশে শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে এ ধরনের প্রচার অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি তিন তারকার নিজ নিজ সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাব থেকে নিষিদ্ধ পণ্যের প্রচারসংক্রান্ত বিজ্ঞাপন ও ভিডিও সরিয়ে ফেলতে বলা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, বিজ্ঞাপনে অংশ নেওয়ার বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিতভাবে নিজেদের বক্তব্য জানাতে হবে তিন তারকাকে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে ভোক্তা সুরক্ষা আইনের আওতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখেও পড়তে পারেন তারা।

ইতোমধ্যে মুম্বাইয়ে শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফের বাসভবন এবং কার্যালয়ের ঠিকানায় আইনি নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত তিন তারকার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *