ইমরান হাশমির ক্যারিয়ারে যেন নতুন করে বসন্ত এসেছে। দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পাওয়া ‘আওয়ারাপন ২’ প্রথম দিন থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। মুক্তির দ্বিতীয় দিনেই সিনেমাটির আয় আরও বেড়েছে। দুই দিনে বিশ্বব্যাপী প্রায় ৭২ কোটি ৯০ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩ কোটি ৫২ লাখ টাকা আয় করেছে সিনেমাটি।
ভারতীয় বক্স অফিসে প্রথম দিনে প্রায় ২২ কোটি রুপি নেট আয় করেছিল ‘আওয়ারাপন ২’। দ্বিতীয় দিনে সেই আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৩ কোটি ৭৫ লাখ রুপি। ফলে দুই দিনে ভারতে সিনেমাটির মোট নেট আয় প্রায় ৫৫ কোটি ৭৫ লাখ রুপি।
ভারতীয় বাজারে গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ৬৬ কোটি ৯০ লাখ রুপি। এর সঙ্গে আন্তর্জাতিক বাজারের প্রায় ৬ কোটি রুপি যোগ হয়ে দুই দিনে সিনেমাটির বিশ্বব্যাপী গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ৭২ কোটি ৯০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩ কোটি ৫২ লাখ টাকা।
দ্বিতীয় দিনে সিনেমাটির আয় প্রথম দিনের তুলনায় প্রায় ৫৩ শতাংশ বেড়েছে। ফলে তৃতীয় দিনেও বক্স অফিসে বড় অঙ্কের আয় করার প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে রোববারের ছুটিতে সিনেমাটির ব্যবসা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইমরান হাশমির সঙ্গে ‘আওয়ারাপন ২’-এ অভিনয় করেছেন দিশা পাটানি। সিনেমাটি পরিচালনা করেছেন মোহিত সুরি। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপন’-এর পর প্রায় দুই দশক পর এসেছে এর দ্বিতীয় কিস্তি।
মুক্তির আগেই সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। প্রথম দুই দিনের বক্স অফিস ফলাফল সেই প্রত্যাশাকেই আরও জোরালো করেছে। এখন সবার নজর তৃতীয় দিনের আয়ের দিকে—সপ্তাহান্ত শেষে ‘আওয়ারাপন ২’ কতটা দূর যেতে পারে, সেটিই দেখার বিষয়।