দুধ একটি সুষম খাবার। শিশু থেকে বৃদ্ধ বয়সী মানুষ, আমরা সবাই কমবেশি দুধ খেয়ে থাকি। দুধ আপনার শরীরকে সার্বিকভাবে সুস্থ রাখতে পারে। তবে দুধের গুরুত্ব অপরিসীম এ কথা সকলে জানলেও দুধ খাওয়ার আগে কতবার পর্যন্ত জ্বাল দেওয়া উচিত? কী বলছেন বিজ্ঞানীরা? কেন দুধ জ্বাল দেওয়া হয়, সেটি প্রথমে জেনে নেওয়া উচিত।
সাধারণত দুধে অনেক ধরনের জীবাণু থাকে। সেগুলো পেটে গেলে সমস্যা হতে পারে। তাছাড়া সেই দুধ বাড়িতে রেখে দিলে জীবাণুর কারণে সেটি তাড়াতাড়ি নষ্টও হয়ে যেতে পারে। তাই দুধ জ্বাল দেওয়া হয়।
কিন্তু জানেন কি প্যাকেটের যে দুধ বিক্রি হয়, তাতে ওই জাতীয় কোনো জীবাণু থাকে না। অধিকাংশ প্যাকেটের দুধই আগে থেকে জ্বাল দেওয়া থাকে। তাই শুরুতেই সেটিকে জ্বাল না দিলেও হয়।
কিন্তু কতবার দুধ জ্বাল দেবেন, সে বিষয়েও বলে দিচ্ছেন বিজ্ঞানীরা। তাদের কথায়, দুধ বেশি মাত্রায় জ্বাল দিলে তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। সেটি খেলে শরীরের ক্ষতিও হতে পারে। তাই দুধ ২ থেকে ৩ বারের বেশি জ্বাল দেওয়া উচিত নয়। তার মধ্যেই সব দুধ শেষ করে ফেলা উচিত। আর পুরোনো জ্বাল দেওয়া দুধের সঙ্গে নতুন কেনা দুধ মেশানো যাবে না।