বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে ছেলের মৃত্যু

বরগুনার তালতলীতে বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে অলিউল্লাহ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (৭ জুন) দুপুর ১টার  দিকে উপজেলার পচাকোড়ালিয়া এলাকার স্লুইসগেট সংলগ্ন পায়রা নদীতে এ ঘটনা ঘটে। নিহত অলিউল্লাহ একই এলাকার লোকমান ফরাজীর ছেলে।

স্থানীয়রা জানায়, অলিউল্লাহ সকালে তার বাবার সঙ্গে একটি নৌকা নিয়ে পায়রা নদীতে মাছ ধরতে যান। তবে সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। এ সময় বাবা-ছেলে নৌকার দুই মাথায় বসে নদীতে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ একটি বজ্রপাতে ছেলে অলিউল্লাহ অচেতন হয়ে যান। বাবার চিৎকার শুনে পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *