বাংলাদেশ-সিঙ্গাপুর অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা অনুষ্ঠিত

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নবনিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে মতবিনিময় করেন। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় সিঙ্গাপুরের ট্রেডট্রাস্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংকের জারিকৃত সার্কুলারের আলোকে এ কার্যক্রমে স্থানীয় ব্যাংকগুলোর আগ্রহ এবং ইতোমধ্যে কয়েকটি ব্যাংকের অংশগ্রহণের প্রশংসা করেন সিঙ্গাপুরের প্রতিনিধিরা।

বৈঠকে বৈদেশিক বাণিজ্যের ডিজিটাল রূপান্তর কার্যক্রম আরও এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংক ও সিঙ্গাপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও সিঙ্গাপুরের বাণিজ্য সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ এবং বহুমুখী করার আহ্বান জানান।

সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে দেশটির মিনিস্ট্রি অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির ওয়াং চু সিন এবং এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের বেঞ্জামিন চু-সহ একটি প্রতিনিধিদল সাক্ষাতে অংশ নেয়।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও মো. সরোয়ার হোসেন, নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ ও পরিচালক আবু ছালেহ মুহাম্মদ সাহাব উদ্দীন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *