বাংলাদেশে অন্যতম জনপ্রিয় ইভেন্ট আর্চারি। এবার বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে আর্চারির টুর্নামেন্ট। বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৭টি দেশের প্রতিযোগী এবং নয়টি দেশের টেকটিক্যাল অফিসিয়াল ও অতিথিসহ ২৬টি দেশের অংশগ্রহণে আগামী ৩০ জুলাই থেকে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড এশিয়া আর্চারি প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ’ ও যৌথ অনুশীলন প্রোগাম।
এ উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনের ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রথমবার আয়োজিত হতে যাওয়া আসরের যাবতীয় তথ্য তুলে ধরেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘এই আয়োজনটি মূলত দুটি ভাগে বিভক্ত। আমাদের যৌথ ট্রেনিং প্রোগ্রাম এবং ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্ট চ্যালেঞ্জ কাপ। কর্মকর্তারাও আমাদের স্টেকহোল্ডার, যারা বিভিন্ন দেশ থেকে আসছেন। আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া এবং ইউরোপসহ মোট ২৬টি দেশের প্রতিনিধি ও ১৭টি দেশের আর্চার ও অফিসিয়ালরা এতে অংশ নিচ্ছেন।’
ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান বলেন, ‘টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমিতে আয়োজিত এই প্রোগ্রামে বিভিন্ন দেশের আর্চার ও কোচদের যৌথ প্রশিক্ষণ দেয়া হবে। পরবর্তীতে আন্তর্জাতিক আর্চারির নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট চ্যালেঞ্জ কাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৬টি দেশ থেকে পুরুষ ও মহিলা বিভাগে আর্চার, কোচ, কর্মকর্তা, অতিথি এবং টেকনিক্যাল অফিসিয়ালসহ মোট ১১৪ জন এই মহাযজ্ঞে অংশ নিচ্ছেন। আমরা বিশ্বাস করি, এই আয়োজন বাংলাদেশের আর্চারি এবং যুব আর্চারিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে।’
অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে— আফগানিস্তান, ভুটান, রিপাবলিক অব চায়না, ভারত, ইরাক, জর্ডান, সৌদি আরব, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, ইয়েমেন ও স্বাগতিক বাংলাদেশসহ মোট ১৭টি দেশ।
এছাড়া অস্ট্রেলিয়া, কোমোরোস, মিশর, ইরান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাইপে, তিউনিসিয়া ও উগান্ডা থেকে টেকনিক্যাল অফিসিয়াল ও অতিথি মিলে মোট ২৬টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম আয়োজনে আর্থিক সহায়তা করছে ওয়ার্ল্ড আর্চারি এশিয়া। পৃষ্ঠপোষকতায় রয়েছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)।