বাংলাদেশে বর্ষা মৌসুমকে স্বাগত জানিয়ে প্রকাশ পেয়েছে কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর নতুন গান ‘মেঘ’। আষাঢ়ের আবহকে কেন্দ্র করে নির্মিত এই গানে বাংলা শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্য ও সমকালীন সুরের মেলবন্ধন তুলে ধরা হয়েছে।
গানটিতে একসঙ্গে কাজ করেছেন শায়ান চৌধুরী অর্ণব এবং শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সুরকার মোহাম্মদ শোয়েব। বর্ষার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকা শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ‘মেঘ’। এতে বর্ষাকে ঘিরে মানুষের প্রতীক্ষা, নতুন শুরুর আশা এবং জীবনের পুনর্জাগরণের অনুভূতি ফুটে উঠেছে।
‘মেঘ’-এর অন্যতম বৈশিষ্ট্য বাংলা সংস্কৃতির চিরায়ত উপাদানকে নতুনভাবে উপস্থাপন করা। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য থেকে অনুপ্রেরণা নিয়ে আধুনিক স্পোকেন ওয়ার্ডের সংযোজনে গানটি পরিচিত ভাবনাকে সমকালীন আঙ্গিকে তুলে ধরেছে। পাশাপাশি আধুনিক সংগীতায়োজন, সমকালীন কণ্ঠ ও শাস্ত্রীয় সংগীতের আবহ গানটিকে দিয়েছে আলাদা মাত্রা।
গানটিতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি। শাস্ত্রীয় সংগীত, সমকালীন সুর এবং আধুনিক সংগীতায়োজনের সমন্বয়ে তৈরি এই গান কোক স্টুডিও বাংলার সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ, যেখানে দেশের সংগীত ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে পৌঁছে দেওয়া হয়।
বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে বর্ষা বরাবরই অনুপ্রেরণার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সেই ঐতিহ্যকে আধুনিক সংগীতের ভাষায় নতুনভাবে তুলে ধরেছে ‘মেঘ’। শাস্ত্রীয় প্রভাব ও সমকালীন সুরের সংমিশ্রণে গানটি বর্ষাকে নতুনভাবে অনুভব করার একটি ভিন্ন অভিজ্ঞতা এনে দিয়েছে শ্রোতাদের।
কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর ‘মেঘ’ এখন কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা ও দেখা যাচ্ছে।