শিবাজি সাতাম, দয়ানন্দ শেঠি ও আদিত্য শ্রীবাস্তবকে নিয়ে তৈরি ‘সিআইডি’ ভারতের অন্যতম জনপ্রিয় ক্রাইম শো। দুই দশকেরও বেশি সময় ধরে এই সিরিজের চরিত্রগুলো দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। এবার সেই জনপ্রিয় দলের বেশ কয়েকজন সদস্য নতুন একটি ক্রাইম সিরিজের জন্য আবার একত্রিত হয়েছেন।
ক্রাইম-ভিত্তিক সিরিজ ‘পাপানাশম’-এর জন্য তারা আবার একসঙ্গে কাজ করছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দয়ানন্দ শেঠি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন সিরিজটির ঘোষণা দেন।
তিনি একটি ভিডিও শেয়ার করেন, যেখানে পুরো তারকাবহর ‘পাপানাশম’-এর পরিচয় দেন এবং সিরিজটি সম্পর্কে কয়েকটি তথ্য জানান। ভিডিওটির শুরুতে শিবাজি সাতামকে বলতে শোনা যায়, ‘যে দিনটির জন্য আপনারা সবাই অপেক্ষা করছিলেন, অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে! আমরা আমাদের নতুন শোয়ের শুটিং শুরু করেছি ম্যাঙ্গালুরুতে।’
বহুদিন পর সিআইডির পরিচিত মুখগুলোকে আবার একসঙ্গে দেখা যাবে—কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন চরিত্র ও গল্পে।
এসএন/পিডিকে