ফিফা আসিয়ান কাপ নিয়ে যা বললেন ইনফান্তিনো

প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ফিফা আসিয়ান কাপ। দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলে নতুন এই প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথি দল হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ। আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টটি ঘিরে আশাবাদী ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডারের সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে অনুষ্ঠিত হবে ১৪ দলের এই প্রতিযোগিতা। দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের সঙ্গে বাংলাদেশসহ তাতে তিনটি আমন্ত্রিত অতিথি দল অংশ নেবে।

আয়োজক ইন্দোনেশিয়ার পাশাপাশি মূল পর্ব বা ‘ডিভিশন ১’-এ রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরের মতো শক্তিশালী দল। তাদের সঙ্গে লড়াই করবে বাংলাদেশ ও পাকিস্তান।

নতুন এই প্রতিযোগিতার উদ্দেশ্য তুলে ধরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডারের নির্ধারিত সময়ে জাতীয় দলগুলোকে অর্থবহ ও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই ফিফা আসিয়ান কাপের সূচনা। এটি খেলোয়াড়দের তীব্র আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নিজ দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ দেবে।’

তিনি আরও বলেছেন, ‘এই টুর্নামেন্ট দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে ফুটবলের মেলবন্ধনকে আরও শক্ত করবে। পাশাপাশি সমর্থকদের জন্য আন্তর্জাতিক ফুটবলের অসাধারণ সব মুহূর্ত উপহার দেবে।’

২৪ সেপ্টেম্বর শুরু হয়ে ৫ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ১৪ দলের এই আসর। প্রায় ২০০ কোটি মানুষের প্রতিনিধিত্বকারী দেশগুলোর মধ্যে ফুটবলের জনপ্রিয়তা ও মান আরও বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে ফিফা।

আসিয়ান কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৫ সেপ্টেম্বর। জাকার্তার গেলোরা বান কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় মালয়েশিয়ার মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল।

এরপর ২৮ সেপ্টেম্বর একই ভেন্যু ও একই সময়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১ অক্টোবর, স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। ওই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

বাংলাদেশের হয়ে এই প্রতিযোগিতায় মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন হামজা চৌধুরী, জামাল ভূঁইয়ারা। শিগগিরই আসন্ন টুর্নামেন্টের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ টমাস ডুলি।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *