ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে সরকার কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে সরকার কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভূমিকম্পের আশঙ্কা রয়েছে- এমন বাস্তবতায় ফায়ার সার্ভিসের সার্বিক উন্নয়ন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় জরুরি।

আজ মঙ্গলবার (১৯ মে) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব দুর্যোগ ও বিপদে ফায়ার সার্ভিস সদস্যরা মানুষের পাশে ছুটে যান। তাই তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি ও সুযোগ-সুবিধা বাড়াতে সরকার কাজ করছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ফায়ার সার্ভিসে আরও ১০০টি অ্যাম্বুলেন্স যুক্ত করা হবে এবং ডুবুরি ইউনিটের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া নতুন ফায়ার স্টেশন স্থাপন ও সদস্য সংখ্যা ৩০ হাজারের বেশি করার পরিকল্পনা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি আধুনিক প্রশিক্ষণ একাডেমি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সদস্যদের আবাসন সুবিধা বাড়াতে মিরপুরে আবাসিক ভবন ও সদর দপ্তরের নির্মাণকাজও চলমান রয়েছে।

এদিন পাসিং আউটের মাধ্যমে বাহিনীতে যুক্ত হন আড়াই শতাধিক সদস্য। তাদের মধ্যে বুনিয়াদি প্রশিক্ষণে উত্তীর্ণ ৯ জনকে পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া রাষ্ট্রীয় বীরত্বপূর্ণ অবদান রাখায় ২০ জনকে পদক পরিয়ে দেন তিনি। গত তিন বছরে পদকের জন্য মনোনীত হয়েছেন আরও ১৩৮ জন।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের (এনডিসি) সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *