প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী, শিক্ষিকার বাবাকে গণধোলাই

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রী (১৩) প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবার হাতে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাতে চরজব্বর থানায় ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলাটি দায়ের করেন।

এর আগে, একই দিন সকালে উপজেলার চরবাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কামাল উদ্দিন ওরফে সিএনজি কামাল (৫৫) উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ওই ছাত্রী তার শিক্ষিকার বাড়িতে প্রাইভেট পড়তে যায়। ছাত্রী শিক্ষিকার ঘরে গিয়ে তাকে না পেয়ে ফিরে আসতে চাইলে শিক্ষিকার বাবা সিএনজিচালক কামাল উদ্দিন তাকে ঘরে ডেকে নেন। একপর্যায়ে তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করেন এবং ঘটনাটি কাউকেই না জানানোর জন্য ৫০০ টাকা দিয়ে বিদায় করে দেন। ভুক্তভোগী শিক্ষার্থী বাড়ি ফিরে স্বজনদের বিস্তারিত জানালে সন্ধ্যায় এলাকাবাসী সিএনজিচালক কামাল উদ্দিনকে আটক করে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, নির্যাতিত ছাত্রীর মায়ের করা মামলায় কামাল উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সাথে ওই ছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *