প্রক্সি পরীক্ষায় ধরা পড়ে চাকরি হারালেন পিএসসি’র কম্পিউটার মুদ্রাক্ষরিক

অন্যের হয়ে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের এক কম্পিউটার মুদ্রাক্ষরিকের চাকরি অবসান ঘোষণা করা হয়েছে। পিএসসি সচিবালয়ের প্রশাসন-২ শাখা থেকে সম্প্রতি জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে স্বাক্ষর করেন সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া।

আদেশে বলা হয়, কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. লিমন গত ১ জুন ২০২৬ তারিখ আনুমানিক ৪:৩০ ঘটিকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, মহাখালী, ঢাকা কর্তৃক গৃহীত অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে হাতেনাতে ধৃত হন।

আদালতে অপরাধ স্বীকার ও সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৬(১) ও ৭(১) অনুযায়ী তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। মোবাইল কোর্ট মামলা নং-০৫/১৬।

মো. লিমন ৪ আগস্ট ২০২৪ তারিখে পিএসসি সচিবালয়ে যোগদান করেন এবং তার শিক্ষানবিশকাল সম্পন্ন হয়নি।

আদেশে বলা হয়, নিয়োগ বিধিমালা, ২০০৮ এর ৬(১)(ক) ও ৬(২)(ক) এবং নিয়োগপত্রের শর্তাবলি অনুযায়ী ১ জুন, ২০২৬ তারিখ থেকে তার চাকরির অবসান ঘটানো হলো। এ আদেশ ওই তারিখ থেকেই কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *