পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার (২১ জুন) জেলেনস্কির সূত্রে সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, পোল্যান্ডের দেওয়া ‘অর্ডার অফ দ্য হোয়াইট ঈগল’ তিনি দেশটির প্রেসিডেন্টের কাছে ফেরত পাঠিয়েছেন। পোস্টের সঙ্গে সম্মাননাটির ছবি এবং পোল্যান্ডের প্রেসিডেন্টের কার্যালয়ে পাঠানোর ডাক রসিদও প্রকাশ করেন তিনি।

জেলেনস্কি লিখেছেন, ইউক্রেনীয়রা বিশ্বাস করেছিল এই সম্মাননা ইউক্রেনের জনগণ এবং আমাদের সেনাবাহিনীর জন্য দেওয়া হয়েছিল। আজ আমি এটি পোল্যান্ডের প্রেসিডেন্টের কাছে ফেরত পাঠিয়েছি। ভবিষ্যৎই প্রমাণ করবে ইউক্রেনীয়রা আসলে কোন সম্মানের যোগ্য।

সম্প্রতি জেলেনস্কির কাছ থেকে এই সম্মাননা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নাভরোৎস্কি। কারণ হিসেবে তিনি ইউক্রেনের একটি সামরিক ইউনিটের নামকরণ নিয়ে আপত্তি তোলেন।

গত ২৬ মে জেলেনস্কি এক ডিক্রির মাধ্যমে ইউক্রেনের বিশেষ অভিযান বাহিনীর একটি ইউনিটের নাম ‘ইউক্রেনিয়ান ইনসার্জেন্ট আর্মি (ইউপিএ)’-এর নামে রাখেন। ১৯৪০ ও ১৯৫০-এর দশকে সক্রিয় থাকা এই সংগঠনটির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিপুলসংখ্যক পোলিশ নাগরিক হত্যার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে নাভরোৎস্কি বলেন, পোলিশ সমাজের অধিকাংশ মানুষের কাছে ইউপিএ মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোল্যান্ডের নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস অপরাধের জন্য দায়ী একটি সংগঠন।

উল্লেখ্য, ২০২৩ সালে তৎকালীন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডা ইউক্রেনের নিরাপত্তা, দৃঢ়তা এবং মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে জেলেনস্কিকে পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেছিলেন।

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *