পারিবারিক কলহে চাচিকে পিটিয়ে হত্যার অভিযোগ

বরগুনার পাথরঘাটায় পারিবারিক কলহে পিয়ারা বেগম (৬২) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দেবরের ছেলে মো. আল আমিনের (৩৬) লাঠির আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত পিয়ারা বেগম লেমুয়া এলাকার মৃত আজাহার পেদার মেয়ে ও মৃত শাহজাহান মাতুব্বরের স্ত্রী। অভিযুক্ত আল আমিন একই এলাকার আব্দুস সালামের ছেলে। সম্পর্কে তারা চাচি-ভাতিজা।

পুলিশ জানায়, আজ বিকেল সাড়ে ৩টার দিকে পারিবারিক বিষয় নিয়ে পিয়ারা বেগমের সঙ্গে আল আমিনের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে আল আমিন তাঁকে কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে পিয়ারা বেগম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বিকেল ৫টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন, পারিবারিক কলহের জেরে আল আমিন লাঠি দিয়ে পিয়ারা বেগমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আগামীকাল বুধবার (২ সেপ্টেম্বর) ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *