পাচারকৃত অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছে। রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে আমরা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছি। সম্পদ চিহ্নিত ও উদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাজ্যের সঙ্গে একটি অংশীদারিত্ব স্থাপন করেছে। এছাড়া এই পুনরুদ্ধার প্রক্রিয়া সহজ করতে আইনি এবং ফরেনসিক দক্ষতা সম্পন্ন অন্যান্য দেশের সঙ্গেও যোগাযোগ রক্ষা করছে সরকার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, যাদের আইনি ও ফরেনসিক দক্ষতা রয়েছে, আমরা সেসব দেশের সঙ্গে আলোচনা করছি। পাচার হওয়া অর্থ ও সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনতে সরকার আইনি ও কূটনৈতিক উভয় পথই ব্যবহার করবে।

পাচারকৃত অর্থ জনগণের সম্পদ হিসেবে অভিহিত করে হুমায়ুন কবির বলেন, এগুলো দেশে ফিরিয়ে আনতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের এই চুরি হওয়া টাকা ও সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হওয়ার অভিযোগ ও তা পুনরুদ্ধারে সরকারের আন্তর্জাতিক তৎপরতা নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *