পলাতক হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে: তথ্য প্রতিমন্ত্রী

পলাতক শেখ হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে; তার অপরাধের জন্য তাকে বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। 

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা হেঁটে হেঁটে কোটি কোটি ডলার নিয়ে পালিয়ে গেছেন। মাঝে মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেন, ডিসেম্বরে আসবেন। তিনি আসি আসি করছেন, কিন্তু আসছেন না। তিনি না এলে আমরাই তাকে নিয়ে আসব, আসার টিকিট দেব। 

তিনি বলেন, ১৯৭৫ সালের পর আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করেছিল। দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তৈরি হয়েছিল অস্থিরতা ও বিভাজন। এমন পরিস্থিতিতে ৭ নভেম্বর সিপাহি-জনতা বন্দি জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান দেশের বিভাজনের রাজনীতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র ও জাতীয় ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন। যতবার দেশ হুমকির মুখে পড়েছে, ততবার জিয়াউর রহমান ও তার পরিবার জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করেছেন। 

দেশের সংকটে জিয়া পরিবার বারবার জনগণের পাশে দাঁড়িয়েছে এবং দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছে।

প্রতিমন্ত্রী বলেন, একটি কুচক্রী মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাদের নেত্রী নারী, শিশু ও সাধারণ মানুষকে হত্যা এবং গুম করে দেশ ছেড়ে পালিয়েছেন। তার বিরুদ্ধে ওঠা অপরাধের অভিযোগের বিচার নিশ্চিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *