ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নৌকায় বসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিল-ঘুষিতে মো. হানিফ মিয়া (৫০) নামে একব্যক্তি নিহত হয়েছেন।
আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার মনোবাবুর নৌকাঘাটে এ ঘটনা ঘটে। নিহত হানিফ মিয়া বগডহর গ্রামের হারিজ মিয়ার ছেলে৷
স্থানীয় লোকজন জানায়, হানিফ মিয়া নদী পথে নৌকাযোগে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। এ সময় নৌকার নিচে বসতে গেলে বসার জায়গা নিয়ে হানিফ মিয়ার সঙ্গে একই গ্রামের এলেম খাঁর প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় এলেম খাঁর কিল-ঘুষিতে গুরুতর আহত হন হানিফ মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টির তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।