রাজধানীর বাড্ডা এলাকায় নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং নিহতের এক বন্ধুকে আটক করা হয়েছে।
নিহত শিক্ষার্থী হলেন মুনিরা মাহজাবিন মিমো। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
মুনিরা মাহজাবিন মিমো মাদারীপুরের শিবচর উপজেলার মোহাম্মদ গোলাম মোস্তফার মেয়ে। তিনি পরিবারের সঙ্গে উত্তর বাড্ডায় থাকতেন।
বাড্ডা থানার উপপরিদর্শক ফাতেমা সিদ্দিকী সোমা বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে মুনিরা মাহজাবিন মিমোর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী, তদন্তকারীরা মুনিরা মাহজাবিন মিমোর মোবাইল ফোন থেকে একটি নোট ও কিছু তথ্য উদ্ধার করেছেন, যেখানে একজন শিক্ষকের নাম উল্লেখ রয়েছে। এর ভিত্তিতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই শিক্ষককে হেফাজতে নিয়েছে। এ ছাড়া তার এক ঘনিষ্ঠ বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার বন্ধুও একজন শিক্ষার্থী।