নিরাপত্তা শঙ্কায় ৫২ বছর ধরে থাকা বাড়ি ছাড়ছেন সালমান খান?

সালমান খানের অনুরাগীদের কাছে ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ শুধু একটি বাড়ি নয়, আবেগেরও নাম। ঈদ, জন্মদিন কিংবা বিশেষ কোনো উপলক্ষে প্রিয় তারকার এক ঝলক দেখতে মুম্বাইয়ের বান্দ্রায় এই বাড়ির সামনে ভিড় করেন হাজারো ভক্ত। তবে সেই পরিচিত দৃশ্য হয়তো শিগগিরই অতীত হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের আবাস ‘গ্যালাক্সি’ ছেড়ে বান্দ্রাতেই নতুন একটি বাড়িতে উঠতে পারেন সালমান খান। ইতোমধ্যে নতুন ভবন নির্মাণের অনুমোদনও পাওয়া গেছে বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি বান্দ্রার একটি জমিতে ছয়তলা ভবন নির্মাণের অনুমতি দিয়েছে। জমিটি সালমানের মা সালমা খানের নামে। সেখানে আগে দুই তলার একটি ভবন ছিল, যা ভেঙে ফেলা হয়েছে। ওই জায়গাতেই নির্মিত হবে নতুন ছয়তলা ভবন। এর পাশাপাশি থাকবে গ্রাউন্ড ফ্লোর এবং স্টিল্ট পার্কিংয়ের সুবিধা।

উপকূলীয় এলাকায় ভবন নির্মাণ হওয়ায় পরিবেশ সংরক্ষণসংক্রান্ত কয়েকটি শর্তও মানতে হবে। নির্মাণকাজের সময় কোনো গাছ কাটা যাবে না। বরং নতুন করে বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে হবে।

নিরাপত্তার বিষয়টিও নতুন বাড়ি নির্মাণের আলোচনায় এসেছে। দীর্ঘদিন ধরেই বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন সালমান খান। এ কারণে বর্তমানে তিনি ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা সুবিধা পাচ্ছেন। নতুন বাড়িটিও মূল সড়ক থেকে কিছুটা ভেতরে, অপেক্ষাকৃত নিরিবিলি এলাকায় নির্মাণ করা হচ্ছে। ফলে সেখানে নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা আরও নিশ্চিত হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রায় ৫২ বছর ধরে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই বসবাস করছেন সালমান খান। ১৯৭৪ সাল থেকে এই বাড়ির সঙ্গেই জড়িয়ে রয়েছে তার ও তার পরিবারের অসংখ্য স্মৃতি। তাই নতুন বাড়িতে ওঠার খবর প্রকাশের পর ভক্তদের মধ্যেও শুরু হয়েছে নানা আলোচনা।

তবে এখন পর্যন্ত গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে নতুন বাড়িতে যাওয়ার বিষয়ে সালমান খান বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। ফলে বিষয়টি এখনও গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *