ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে দর্শক-ভক্তদের আগ্রহের কমতি নেই। সিনেমার পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়েও বরাবরই কৌতূহল থাকে। এবার এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের দীর্ঘ ক্যারিয়ার, ব্যক্তিজীবনের নানা অধ্যায় ও অতীতের ভুল নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা।
দুই যুগেরও বেশি সময়ের চলচ্চিত্রযাত্রা নিয়ে কথা বলতে গিয়ে শাকিব খান স্বীকার করেছেন, জীবনে এমন অনেক সিদ্ধান্ত নিয়েছেন, যেগুলো নিয়ে এখনো মাঝে মাঝে আক্ষেপ হয় তার।
জীবনে কোনো ভুল করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘অনেক ভুল করেছি। অনেক সময় মনে হয়, এমন ভুল না করলেও পারতাম। অনেক কথা আমি বলার আগেই মানুষ জেনে যায়। আমার বলা পর্যন্ত আর অপেক্ষা করতে হয় না। যতটুকু বলার বলছি, অনেক সময় পেছন ফিরে তাকালে আফসোস লাগে।’
কেন এমন ভুল হয়েছিল, জানতে চাইলে অভিনেতার সরল উত্তর, ‘ওই যে, কপাল। সেই ভুলগুলো না হলে ব্যাপারটা এখন হয়তো আরও স্মুথ হতে পারত। আসলে ভুল আমাদের প্রত্যেক মানুষেরই হয়।’
অতীতের সেই ঘটনাগুলো যে এখনো তাকে ভাবায়, সেটিও জানিয়েছেন শাকিব। একান্তে নিজের সঙ্গে সময় কাটানোর সময় পুরোনো বিষয়গুলো নিয়ে হিসাব-নিকাশ করেন তিনি।
শাকিবের ভাষায়, ‘নিভৃতে যখন নিজের সঙ্গে বসি, তখন এই হিসাব-নিকাশগুলো আমাকে পীড়া দেয়। কিন্তু কী আর করব, অনেক কিছু চাইলেও তো চেঞ্জ করা সম্ভব না, হাতে নেই আমাদের। কিন্তু যখন জেনে যাই এটা ভুল, তখন আর জেনে-শুনে সেটা করা যায় না।’
সাক্ষাৎকারে তার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়েও ইঙ্গিতে প্রশ্ন করা হয়। তবে তাদের নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে চাননি শাকিব। তিনি বলেন, ‘তারা দুজন আমার লাইফের পার্ট। তবে আমি কিছু বলতে চাই না তাদের নিয়ে। আমি বিষয়গুলো নিজের মধ্যেই রাখি।’
তাদের সতর্ক করেন কি না—এমন প্রশ্নের জবাবে শাকিব জানান, দেখা হলে মাঝে মাঝে এ বিষয়ে কথা বলেন তিনি।
সামাজিক মাধ্যমে তাকে ঘিরে নানা অতিরঞ্জিত খবর প্রকাশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শাকিব খান। তার দাবি, অনেক সময় কোনো ঘটনা ঘটার আগেই তা নিয়ে খবর ছড়িয়ে পড়ে। এমনকি বাস্তবে যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, এমন নানা বিষয়েও তার নাম জড়িয়ে দেওয়া হয়। এসব অভিজ্ঞতার কারণেই বর্তমানে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন বলে জানান তিনি।
এদিকে নিজের নতুন সিনেমা ‘সোলজার’ নিয়েও আশাবাদী শাকিব খান। চলতি বছরের অক্টোবরের দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ক্যারিয়ারের ব্যস্ততার বাইরে জীবনের বাকি সময়টা আনন্দ আর হাসিখুশির মধ্য দিয়ে কাটাতে চান এই জনপ্রিয় নায়ক।