নানা বাড়িতে বেড়াতে গিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ছাবিহা খানম নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ছাবিহা গোপালগঞ্জ শহরের নিচু পাড়া এলাকার শিপন ফকিরের মেয়ে। সে কাশিয়ানীতে তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। এই শিশুর করুণ মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।
পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ছাবিহা তার নানির সঙ্গে রেললাইনের পাশে ছাগল বাঁধতে গিয়েছিল। নানি যখন ছাগল বাঁধায় ব্যস্ত ছিলেন, তখন শিশুটি রেলাইনের উঠে পড়ে। ঠিক ওই মুহূর্তেই গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি চলে আসে। কিছু বুঝে ওঠার আগেই দ্রুতগামী ট্রেনটি শিশু ছাবিহাকে সজোরে ধাক্কা দিলে সে রেললাইনের পাশে শক্ত মাটিতে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি অসাবধানতাবশত রেললাইনের ওপর চলে যায়। চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।