বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর কিছুদিন আড়ালেই ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে টুর্নামেন্ট শেষ হতেই সম্পূর্ণ ভিন্ন এক কারণে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড। মাঠের পারফরম্যান্স নয়, বরং নিজের মুখাবয়বে পরিবর্তন এনে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছেন তিনি!
ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ছুটির সময় ‘চিন হারমোনাইজেশন’ নামে পরিচিত একটি কসমেটিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। প্রকাশিত সাম্প্রতিক ছবিতে দেখা যায়, আগের তুলনায় তার থুতনি ও চোয়ালের গঠন আরও স্পষ্ট ও সুগঠিত হয়েছে। নতুন এই চেহারা প্রকাশ্যে আসতেই সমর্থকদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর গোইয়ানিয়ায় এই চিকিৎসা সম্পন্ন করা হয়। চর্মরোগবিশেষজ্ঞ আলেসান্দ্রো আলারকাওয়ের তত্ত্বাবধানে বিশেষ ধরনের ফিলার ব্যবহার করে মুখের গঠনে এই পরিবর্তন আনা হয়েছে বলে দাবি করা হয়েছে। চিকিৎসার পর প্রাথমিক ফোলাভাব কেটে গেলে চেহারায় আরও সামান্য পরিবর্তন দেখা যেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, চিন হারমোনাইজেশন শুধু থুতনির আকৃতি পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়। মুখের সামগ্রিক ভারসাম্য বজায় রাখতে থুতনি, চোয়াল, নাক ও ঠোঁটের অনুপাত বিবেচনায় রেখে সৌন্দর্যগত সামঞ্জস্য আনার চেষ্টা করা হয়। এ ধরনের প্রক্রিয়া অস্ত্রোপচার কিংবা অস্ত্রোপচার ছাড়াও সম্পন্ন করা সম্ভব।
নতুন চেহারার ছবি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য করেছেন সমর্থকেরা। কেউ কেউ মজা করে বলেছেন, এখন ভিনিসিয়ুসকে ব্রাজিলের সাবেক মিডফিল্ডার রামিরেসের মতো দেখাচ্ছে। তবে ভিনিসিয়ুস নিজে এখনও নতুন লুকের কোনো ছবি বা মন্তব্য প্রকাশ করেননি।
বিশ্বকাপে ব্রাজিল শেষ ষোলোতেই নরওয়ের কাছে হেরে বিদায় নিলেও দলের হয়ে ভিনিসিয়ুস ছিলেন অন্যতম উজ্জ্বল পারফরমার। পাঁচ ম্যাচে চার গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছিলেন তিনি। টুর্নামেন্ট শেষে সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়ে হতাশার জন্য দুঃখও প্রকাশ করেছিলেন এই ফরোয়ার্ড!
ছুটি শেষে শিগগিরই স্পেনে ফিরে রিয়াল মাদ্রিদের প্রাক্-মৌসুম অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে ভিনিসিয়ুসের। মাঠে ফেরার আগেই নতুন চেহারা নিয়ে তাকে ঘিরে কৌতূহল এখন তুঙ্গে। একই সঙ্গে তার ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। যদিও রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আগেই জানিয়েছেন, ক্লাব ও ভিনিসিয়ুস-দুই পক্ষই একসঙ্গে পথচলা অব্যাহত রাখতে আগ্রহী।
এসএন/পিডিকে