২০২৬ বিশ্বকাপের প্রথম নকআউট ম্যাচের প্রথমার্ধ শেষে স্বাগতিক কানাডা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার লড়াই গোলশূন্য রয়েছে। সতর্ক ও জমাট রক্ষণভাগের কারণে বিরতিতে যাওয়ার আগে কোনো দলই জালের দেখা পায়নি।
রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রথম নকআউট ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল।
প্রথমার্ধের সেরা সুযোগটি তৈরি করেছিল কানাডা। মোইস বোম্বিতোর শক্তিশালী হেড প্রায় জালে জড়িয়েই যাচ্ছিল। কিন্তু গোললাইন থেকে অবিশ্বাস্য ক্লিয়ারেন্স করে নিশ্চিত গোল বাঁচান দক্ষিণ আফ্রিকার অব্রে মোডিবা।
এর কিছুক্ষণ পরই পেনাল্টির জোরালো দাবি তোলে কানাডা। বক্সের ভেতরে রিচি লারেয়াকে খুলিশো মুদাউ ফাউল করেছেন বলে মনে হলেও রেফারি খেলার নির্দেশ দেন। ফলে হতাশ হতে হয় স্বাগতিকদের।
প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে থাকলেও সেই আধিপত্যকে গোলে রূপ দিতে পারেনি কানাডা। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা মূলত রক্ষণ সামলে পাল্টা আক্রমণের অপেক্ষায় ছিল।
এই ম্যাচের বিজয়ী দল শেষ ষোলোতে নেদারল্যান্ডস অথবা মরক্কোর মুখোমুখি হবে। ফলে দ্বিতীয়ার্ধে দুই দলই জয়ের জন্য আরও আক্রমণাত্মক ফুটবল খেলবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।