বিশ্ব বাবা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী আছিয়া ইসলাম দোলার নতুন মিউজিক ভিডিও ‘বাবার ছায়া’। শিল্পী দোলার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘আছিয়া ইসলাম দোলা’ থেকে মুক্তি পাওয়া এই গানটি ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে আবেগের সাড়া ফেলেছে।
গানটির কথা লিখেছেন গীতিকার তারেক আনন্দ এবং সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। বাবা হারানোর দুই বছর পর তাঁর স্মৃতিকে কেন্দ্র করেই এই গানটি তৈরি করেছেন দোলা। ব্যক্তিগত জীবনের গভীর আবেগ ও অভিজ্ঞতা থেকেই জন্ম নেওয়া এই গানটি তাঁর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছেন তিনি।
গানটি নিয়ে অনুভূতি প্রকাশ করে দোলা বলেন, ‘তারেক আনন্দ ভাইয়ের সঙ্গে বাবাকে নিয়ে অনেক স্মৃতি ভাগ করে নিতাম। একসময় তাঁকে বাবাকে নিয়ে একটি গান লেখার অনুরোধ করি। শুরুতে তিনি বিষয়টিকে কঠিন মনে করলেও, আমার ও আমার বাবার জীবনের গল্প শুনে পরদিনই লিরিকটি পাঠান। এই গানটা আমার জীবনের এক ধরনের প্রামাণ্য চিত্র।’
তিনি আরও জানান, যাদের বাবা জীবিত আছেন, তাদের জন্য মিউজিক ভিডিওর শেষে একটি বিশেষ বার্তা যুক্ত করা হয়েছে। পাশাপাশি স্মৃতি হিসেবে সংযোজন করা হয়েছে তাঁর বাবার সঙ্গে শেষ ফোনালাপের অডিও, যা গানটির আবেগকে আরও গভীর করেছে।
সুরকার কিশোর দাস বলেন, ‘গানের কথাগুলো খুবই হৃদয়ছোঁয়া ছিল। দোলা নিজের সর্বোচ্চ দিয়ে গানটি গেয়েছে। আমরা চেষ্টা করেছি কথার সঙ্গে মিল রেখে একটি অনুভূতিপূর্ণ সুর ও সংগীতায়োজন করতে। আশা করি, বাবা হারানো মানুষদের হৃদয়ে গানটি জায়গা করে নেবে।’
গীতিকার তারেক আনন্দ জানান, বাবা হারানো সন্তানদের ভেতরের শূন্যতা, ভালোবাসা ও না বলা অনুভূতিগুলোই এই গানের মূল অনুপ্রেরণা।