গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, দেশে সংখ্যাগুরু, সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। তাই দেশটাকে সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তার নিজ নির্বাচনি এলাকা পিরোজপুরের ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।
সোহেল মনজুর বলেন, সরকার সব সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রেখে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি বলেন, দুর্গাপূজা এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এই উৎসবের আনন্দ সবাই মিলে ভাগ করে নিতে হবে।
এর আগে প্রতিমন্ত্রী ভান্ডারিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়াম, কাউখালী উপজেলা অডিটোরিয়ামে এবং নেছারাবাদ উপজেলা অডিটোরিয়ামে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় প্রতিমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে তিন উপজেলার প্রতিটি মণ্ডপে নগদ চার হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়া হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রায় এক হাজার ৫০০ শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুল হাসান, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার ও নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক আহমেদ।
এছাড়া ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আকন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, নেছারাবাদ পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন উপস্থিত ছিলেন।