দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন

দেশে বর্তমানে ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে দাঁড়িয়েছে, যা গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের সময়ের তুলনায় ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বেশি।

আজ বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

হালনাগাদ তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন।

এর আগে, ২০২৫ সালের ১৮ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। সেই তালিকা অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিল ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ১ হাজার ২৩৪ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, পুরুষ, নারী ও তৃতীয় লিঙ্গ—সব শ্রেণিতেই ভোটারের সংখ্যা বেড়েছে।

অতীতে প্রতি বছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা এবং ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করত ইসি। তবে ২০২৫ সালে ‘ভোটার তালিকা আইন, ২০০৯’ সংশোধন করে বছরের যেকোনো সময় ভোটার তালিকা প্রকাশের ক্ষমতা দেওয়া হয় নির্বাচন কমিশনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *