দেশের কয়েকটি অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার (২৮ জুন) রাত পৌনে ১০টার দিকে এ ভূ-কম্পন অনুভূত হয়।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) জানায়, রোববার রাত ৯টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে এ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল কক্সবাজার-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায়।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার রাত ৯টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে কক্সবাজারসহ কয়েকটি অঞ্চলে ভূমিকম্প হয়।
আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৩৪ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এলাকায়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৪ দশমিক ১। এটি মৃদু ভূমিকম্প।
ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত ২২ জুন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যমতে, সোমবার রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৬ কিলোমিটার উত্তর-পূর্বে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতার মরতুজাবাদ এলাকায়।
গত ১২ জুন ময়মনসিংহ ও সিলেটসহ কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫। এ ছাড়া ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটের দিকে দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।