দিল্লির যন্তর মন্তরে সমাবেশে নিষেধাজ্ঞা, বিক্ষোভের নতুন স্থান নির্ধারণ

উচ্চ-নিরাপত্তা বলয়ে থাকা মধ্য দিল্লির যন্তর মন্তর এতদিন নির্দিষ্ট বিক্ষোভস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল, তবে এখন থেকে তা আর এই উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত একটি কমিটির সুপারিশের ভিত্তিতে রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির জন্য নির্দিষ্ট স্থান হিসেবে তিনটি নতুন জায়গা চূড়ান্ত করা হয়েছে। খবর এনডিটিভির।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বিতর্ককে কেন্দ্র করে দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মধ্য দিল্লিতে বিরোধী রাজনৈতিক জোট ‘ইন্ডিয়া’ এবং বিদ্রুপাত্মক রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) বিক্ষোভের মাঝেই এই সিদ্ধান্ত সামনে এল।

রাজধানীতে বিক্ষোভের জন্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারণ করা নতুন তিনটি স্থান হলো- রামলীলা ময়দান, বুড়ারি ময়দান এবং সিবিডি ময়দান।

গণতান্ত্রিক প্রতিবাদ বন্ধ করার জন্য কেন্দ্রের একটি প্রচেষ্টা হিসেবে বিরোধী দলগুলোর সমালোচনার মুখে পড়ার সম্ভাবনার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো। উল্লেখ্য, দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে।

তবে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ভবনের কাছাকাছি অবস্থিত যন্তর মন্তরের আশেপাশের এলাকার ট্রাফিক পরিস্থিতি সাধারণ মানুষের জন্য এখন উন্নত হতে পারে।

বিক্ষোভের জন্য নির্দিষ্ট স্থান হিসেবে যন্তর মন্তরের অনুমোদন বাতিল করে এই আদেশ জারি করেছেন দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার।

দিল্লি পুলিশের আদেশে বলা হয়েছে, কমিটির সুপারিশের ভিত্তিতে বিক্ষোভের স্থান হিসেবে যন্তর মন্তরের অনুমোদন বাতিল করা হয়েছে। প্রতিবাদ বা বিক্ষোভ আয়োজনের জন্য রামলীলা ময়দান, বুড়ারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান—এই তিনটি নতুন স্থানকে নির্ধারণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই তিনটি নতুন স্থানে বিক্ষোভ প্রদর্শনের জন্য একটি আদর্শ কার্যপদ্ধতি (এসওপি) বা নির্দেশিকা আলাদাভাবে জারি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *