থালাপতি বিজয়ের জন্মদিনে ছবি দিয়ে দূরত্বের জল্পনা ওড়ালেন তৃষা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণান। রূপালি পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও তাদের বন্ধুত্ব ও রসায়ন নিয়ে চর্চার শেষ নেই তামিলনাড়ুর বিনোদন পাড়ায়। তবে সম্প্রতি বিজয়ের জন্মদিনের পর থেকেই এই দুই তারকার সমীকরণ নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়েছে।

গত ২২ জুন ছিল বিজয়ের ৫২তম জন্মদিন। এই উপলক্ষে বহু ভক্ত ও শুভাকাঙ্ক্ষী তাকে শুভেচ্ছা জানিয়েছে। কিন্তু তৃষা কৃষ্ণান জন্মদিনে বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানোর কারণে জল্পনা বাড়তে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম এই নিয়ে তাদের কথিত সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি করে। কিন্তু গতকাল মঙ্গলবার বিজয়কে জন্মদিনের একটি বিশেষ ছবি শেয়ার করে তাদের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার জল্পনায় জল ঢাললেন তৃষা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিজয়ের কেক কাটার ছবি দিয়ে তৃষা লিখেছেন, ‘যার কারণে সবকিছু এত বিশেষ মনে হয়—জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।’

তৃষার শেয়ার করা ছবিতে বিজয়ের সামনে ৫টি কেক রাখা রয়েছে। বিজয় যেখানে কেকের দিকে দেখছে, তৃষা সেখানে বিজয়ের দিকে নজর রাখছে।

তৃষার এই পোস্টে ভক্তদের কাছ থেকে অনেক মন্তব্য আসছে। কেউ লিখেছেন, ‘আমরা এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলাম।’ আবার কেউ লিখেছেন, ‘অবশেষে একটা সান্ত্বনা পাওয়া গিয়েছে। অবশেষে অযথা গুজবগুলো বন্ধ হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *