দেশে প্রাকৃতিক দুর্যোগ কী সরকারি দল ও বিরোধী দলের মানচিত্র দেখে আসে কী না তা জানতে চাইলেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
সোমবার (৮ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্নে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, ‘মাননীয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর কাছে আমার প্রশ্ন- দেশে দুর্যোগের ম্যাপে কী কোনো পরিবর্তন এসেছে। কারণ আমরা দেখলাম গত ৩০ এপ্রিল দুর্যোগের যে বরাদ্দটা দেওয়া হল সেটা শুধু সরকারি দলের এমপি যারা আছেন, তাদের আসনে বরাদ্দ দেওয়া হয়েছে, বিরোধী দলের যারা আাছেন তাদের আসনে বরাদ্দ দেওয়া হয়নি।’
তিনি বলেন, ‘যদি এমন হতো যে দুর্যোগ গুলো যখন আসবে, তখন সব সরকারি দলের আসনে আসবে বিরোধী দলের আসনে আসবে না, তখন আলাদা কথা ছিল। কিন্তু দুর্যোগ আসলে আমরা সবাই ভুক্তভোগী হয় মাননীয় স্পিকার।’
তিনি আরও বলেন, ‘দুর্যোগের বরাদ্দটা কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় হয়। কিন্তু গত ৩ এপ্রিল যে বরাদ্দটা দেওয়া হয়েছে (৮৫ লাখ টাকা ৯০ টন চাল-গম) তা শুধু সরকারি দলের আসনেই ,বিরোধী দলের নয়। এটা বিরোধী দলের আসনের জনগণের প্রতি চূড়ান্ত বৈষম্য। ২৪শের পর দেশে এমন কোনো বৈষম্য চলতে পারে না।’
প্রশ্নের শেষে তিনি ত্রাণমন্ত্রীর কাছে জানতে চান এ ধরণের বৈষম্য রোধে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কী না।
এসএন/কে