টুর্নামেন্টের মাঝপথেই কোচ বহিষ্কার করল বাফুফে

উজবেকিস্তানে চলমান এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বড় এক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। টুর্নামেন্ট থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেলেও এখনো এক ম্যাচ বাকি আছে লাল-সবুজের প্রতিনিধিদের। তবে টুর্নামেন্টের মাঝ পথেই প্রধান কোচ জেরার্ড জোন্সকে বহিস্কার করেছে বাফুফে।

মূলত, দ্বিতীয় ম্যাচে সিরিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারের লজ্জা পাওয়ার পরপরই বরখাস্ত করা হয়েছে দলের ব্রিটিশ হেড কোচ জেরার্ড জোন্সকে। টুর্নামেন্ট চলাকালীনই তাকে টিম হোটেল থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

আগামী ৬ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু। দলের ম্যানেজার সামিদ কাশেম ও ফেডারেশনের পক্ষ থেকে ইতোমধ্যে মিশুকে এই বার্তা দেওয়া হয়েছে।

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফের মূল লক্ষ্য ছিল এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া। এই লক্ষ্যেই ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে দায়িত্ব দিয়েছিল বাফুফে। তবে কোচ নিয়োগের পর থেকেই নানা ঝামেলায় জড়ায় ফেডারেশন। কখনো বেতন নিয়ে জটিলতা, আবার কখনো সহকারীর সঙ্গে প্রকাশ্য হাতাহাতির মতো অপ্রীতিকর ঘটনাও ঘটে।

এত সব ঝামেলার পরও উজবেকিস্তানে জোন্সকেই মূল কোচের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল বাফুফে। কিন্তু উজবেকিস্তান ও সিরিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচে শুধু হারই নয়, দল সম্পূর্ণ হতাশাজনক পারফরম্যান্স করায় শেষ পর্যন্ত তাকে বরখাস্ত করতে বাধ্য হয় ফেডারেশন।

এর আগে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে হেড কোচ জোন্সের সম্পর্কের চরম অবনতি হয়েছিল। এমনকি ঢাকার এক হোটেলেও তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। উজবেকিস্তান সফরে মিশুকে দলে না রাখার ব্যাপারে অনড় ছিলেন জোন্স। শেষ পর্যন্ত বাফুফের মধ্যস্থতায় দুজনেই উজবেকিস্তান গেলেও মিশুকে ডাগআউটে থাকার সুযোগ দেওয়া হয়নি।

এমন অস্থির পরিস্থিতির মধ্যেই ভারতের বিপক্ষে ম্যাচের আগে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সহকারী কোচ আতিকুর রহমান মিশু বলেন, ‘বাংলাদেশ-ভারত ম্যাচ সব সময়ই বাড়তি মর্যাদার। আমাদের জন্য টুর্নামেন্ট প্রায় শেষই বলা চলে, যদিও গাণিতিক কিছু সম্ভাবনা এখনো টিকে আছে। আমরা ভারতের বিপক্ষে ৩ পয়েন্টের জন্যই লড়াই করব।’

সিরিয়ার বিপক্ষে ম্যাচের পর আজ মূলত রিকভারি সেশনে ব্যস্ত সময় কাটিয়েছে বাংলাদেশ দল। উজবেকিস্তান সময় বিকেল চারটায় আতিকুর রহমান মিশুর অধীনেই ঘাম ঝরানোর কথা রয়েছে ফুটবলারদের।

এদিকে দুপুরের দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জোন্সকে চলমান দায়িত্ব থেকে অব্যাহতির পাশাপাশি তার সঙ্গে চুক্তি বাতিলের কথা জানিয়েছে বাফুফে। ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমেইলের মাধ্যমে কোচকে বরখাস্তের চিঠি দিলেও নীতিনির্ধারক মহল আগেই তাকে দল থেকে সরিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল। ব্রিটিশ এই কোচের সঙ্গে বাফুফের দুই বছরের চুক্তি থাকলেও তা দুই মাসের বেশি টিকল না। তবে চুক্তি অনুযায়ী জোন্স তিন মাসের ক্ষতিপূরণ বা বেতন দাবি করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *