চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নে ঝড়ের সময় সিএনজিচালিত অটোরিকশার ওপর গাছ পড়ে মো. হেলাল (৬০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার (২৫ মে) বেলা ২টার দিকে হরিণা ফেরিঘাট-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের চান্দ্রা চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দারগঞ্জ এলাকার যায়ডুগি গ্রামের মো. ফরিদুজ্জামানের ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত হেলাল চাঁদপুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে রায়পুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে এলে প্রচণ্ড ঝড়ে গাছ অটোরিকশার ওপর ভেঙে পড়ে। এতে ওই যাত্রী গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল হাসান বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে চিকিৎসা দেওয়া হয়। কিছু সময় পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ওই ব্যক্তির সুরহতাল করা হয়েছে। মরদেহ এখন পর্যন্ত হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কেউ যোগাযোগ করেনি।