জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে সংকট তৈরি হয়েছে, তার খেসারত এখন দেশ ও জনগণকে দিতে হচ্ছে।

শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর রাষ্ট্র, দুর্বল অর্থনীতি, বিভাজিত প্রশাসন এবং দুর্বল শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা পেয়েছে। এসব সংকট কাটিয়ে উঠতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন শুরু করেছে। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট থেকে জনগণকে ধীরে ধীরে বের করে আনতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি অভিযোগ করেন, রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা এখনও সক্রিয়। একটি চক্র কৌশলে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং এ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

স্বাস্থ্য খাত প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’ নীতিতে বিশ্বাস করে। সারাদেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, সরকারি চাকরিতে চিকিৎসকদের প্রবেশের বয়সসীমা ৩৪ বছর এবং অবসরের বয়স ৬৫ বছর করার প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন তিনি।

তিনি আরও জানান, প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা এবং দ্রুত ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব করতে চিকিৎসকদের দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ড্যাবের নেতাকর্মী ও চিকিৎসকেরা অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *