জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বিজয় দিবস বাংলাদেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এক দীপ্ত প্রত্যয়। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতি মহান মুক্তিযুদ্ধ, ৫২-র ভাষা আন্দোলন ও ৬৯-এর গণঅভ্যুত্থানের মতোই চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।

আজ বুধবার (৫ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও জুলাই আন্দোলনের শহীদ এবং আহতদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় শহীদদের পরিবার যেন কোনোভাবে অসম্মানিত বা নির্যাতিত না হয়, তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি।

ভূমিমন্ত্রী বলেন, সরকার শহীদের সন্তানদের লেখাপড়া ও পরিবারের দেখভালের দায়িত্ব নিয়েছে ও প্রয়োজনে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

বিগত ১৭ বছরের দুঃশাসনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের ফলে আজ জাতি বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ পেয়েছে। তিনি সম্প্রতি মেধা ও যোগ্যতার ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় সরকারি চাকরিতে নিয়োগ প্রদানের উদাহরণ টেনে বলেন, বর্তমান সরকার সব ক্ষেত্রে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।

রাজশাহীর উন্নয়নে ও আঞ্চলিক প্রতিষ্ঠানগুলো রক্ষায় তার দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, নেসকো বা অন্য কোনো প্রতিষ্ঠান রাজশাহী থেকে সরিয়ে নিতে দেওয়া হবে না। তিনি দেশে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান এবং বলেন, আর কোনো প্রতিহিংসা নয়, আগুন বা ভাঙচুর নয়, সবাইকে মিলে দেশ গড়তে হবে।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম ড. বজলুর রশিদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জ ডিআইজি আশিক সাইদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার ও রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান।

এছাড়াও বক্তব্য দেন, শহীদ সাকিব আঞ্জুমের বাবা মাইনুল হক, শহীদ আবু রায়হানের বাবা মুসলেম আলী ও শহীদ মিনারুলের স্ত্রী নুরেসান ও আহত জুলাই যোদ্ধারা।

শহীদের স্বজনরা তাদের বক্তব্যে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। সেই সঙ্গে শহীদ ও আহতদের পরিবারের পাশে সবসময় দাঁড়ানোর জন্য সরকারের কাছে অনুরোধ করেন৷

আলোচনা সভায় অন্যান্য জুলাই যোদ্ধা ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জুলাই শহীদ পরিবারকে শুভেচ্ছা উপহার ও জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভূমিমন্ত্রীসহ অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *