জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

জাতীয় সংসদ ভবন চত্বরে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সোয়া ৩টায় এ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের কারণ জানতে এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আজ সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ মঙ্গলবার আনুমানিক বেলা ৩টা ১৫ মিনিটে জাতীয় সংসদ মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এতে আরও বলা হয়, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিবরণ শুনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার। তদন্ত কমিটির প্রতিবেদন প্রাপ্তির পর অগ্নিকাণ্ডের কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *