‘চোর-ডাকাত ধরা পড়লে মারধর করা যাবে না’

কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। চোর বা ডাকাত হাতেনাতে ধরা পড়লেও তাকে পিটিয়ে মারা তো দূরের কথা, মারধরও করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, “দেশে সম্প্রতি মব সহিংসতার ঘটনাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে সরকার প্রতিটি বিষয়কে খতিয়ে দেখবে।”

বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, “প্রশাসনিক কিছু ব্যর্থতা থাকতে পারে এবং সেগুলোও পর্যালোচনা করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়। এরই মধ্যে একটি ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের চিহ্নিত করা হয়েছে।”

তিনি বলেন, “মব সহিংসতার প্রবণতা হঠাৎ করে তৈরি হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় এ ধরনের কিছু ঘটনায় প্রশ্রয় দেওয়া হয়েছিল বলে ধারণা তৈরি হয়েছে। ফলে সমাজে একটি মানসিকতা গড়ে উঠেছে, জনগণ চাইলে নিজেরাই শাস্তি দিতে পারে, যা অত্যন্ত বিপজ্জনক।”

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, “মব সাধারণত স্বতঃস্ফূর্ত ও অসংগঠিত প্রতিক্রিয়া। তবে, সাম্প্রতিক সময়ে পরিকল্পিতভাবে লোক জড়ো করে হামলা বা অবরোধ তৈরির প্রবণতা দেখা যাচ্ছে, যা প্রকৃতপক্ষে ‘মব’ নয়, বরং সংগঠিত অপরাধ। এ ধরনের পরিকল্পিত সহিংসতার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

ফৌজদারি অপরাধ তামাদি হয় না জানিয়ে তিনি বলেন, “আমরা যদি মবের বিরুদ্ধে কাজ করতে চাই, ইন্টেরিমের সময়ে পরিকল্পনা করে বা মবের নামে যা যা ঘটানো হয়েছে এগুলো আমাদেরও খতিয়ে দেখতে হবে। আমি অন্তত যেগুলো নিয়ে আমাদের সমাজে ঐকমত্য আমরা সেগুলো নিয়ে নিশ্চয়ই কাজ করবো।”

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *