চার বিশ্বকাপেই মিলেছে পূর্বাভাস, এবার চ্যাম্পিয়ন হতে পারে যারা!

ফুটবল বিশ্বকাপ এলেই নানা ধরনের ভবিষ্যদ্বাণী নিয়ে তুমুল চর্চা হয়। কখনো অক্টোপাস, কখনোবা সুপারকম্পিউটার কিংবা চিড়িয়াখানার কোনো প্রাণীও থাকে আলোচনার টেবিলে। এর মধ্যে ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টসের এক ভবিষ্যদ্বাণী নজর কেড়েছে। তাদের সর্বশেষ সিমুলেশনে ২০২৬ বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে উঠে এসেছে স্পেনের নাম।

ইএ স্পোর্টস তাদের জনপ্রিয় গেম ‘ইএএফসি ২৬’–এর মাধ্যমে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সিমুলেশন চালিয়েছে। খেলোয়াড়দের বর্তমান পারফরম্যান্স, রেটিং, কৌশল ও সাম্প্রতিক ফলাফল এবং হাজারো ভার্চ্যুয়াল ম্যাচের তথ্য বিশ্লেষণ করে তারা এই পূর্বাভাস দিয়েছে।

তাদের হিসেবে আসন্ন বিশ্বকাপের ট্রফি উঠছে স্পেনের হাতে। লামিনে ইয়ামাল, পেদ্রি ও রদ্রিদের মতো তারকাদের নিয়ে গড়া স্প্যানিশ দলকে সবচেয়ে এগিয়ে রেখেছে ইএ স্পোর্টসের সিমুলেশন। প্রসঙ্গত, সর্বশেষ চারটি বিশ্বকাপের ক্ষেত্রেই ইএ স্পোর্টসের পূর্বাভাস পুরোপুরি মিলে গেছে।

২০১০ বিশ্বকাপে তারা স্পেনকে চ্যাম্পিয়ন দেখিয়েছিল, শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল স্পেনই। ২০১৪ সালে তাদের পূর্বাভাস ছিল জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনা। চার ক্ষেত্রেই বাস্তব ফলাফল মিলে যায় সিমুলেশনের সঙ্গে।

ধারাবাহিক সাফল্যের কারণে ইএ স্পোর্টসের বিশ্বকাপ পূর্বাভাস নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহও বেড়েছে। তবে দিনশেষে এটা কেবল কম্পিউটার ভিত্তিক সম্ভাব্য প্রেডিকশন। শেষ পর্যন্ত বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ হবে মাঠের খেলায়। 

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *