চাঁদপুরের ২ বন্ধু এখন শুধুই ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের কচুয়া উপজেলার দুই বন্ধুর প্রাণহানি ঘটেছে। তারা দুই বন্ধু এখন শুধুই ছবি।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ওই দুই বন্ধু ঘটনাস্থলেই মারা যান।

​নিহত দুই বন্ধু হলেন কচুয়া উপজেলার রহিমানগর বাজার সংলগ্ন সাহারপাড় গ্রামের বাসিন্দা মাহি ও ফিরোজ আহমেদ তাওহীদ। তারা দুজনেই ছিলেন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। শৈশব থেকেই গ্রামে একসঙ্গে বেড়ে উঠেছেন তারা।

পরিবার জানায়, আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের লোহাগাড়া এলাকায় তারা বাইক নিয়ে দুর্ঘটনার শিকার হন। দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই বন্ধু। একই সঙ্গে বেড়ে ওঠা দুই বন্ধুর মৃত্যুও হলো একই সঙ্গে।

​দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছানোর পর তাদের নিজ গ্রাম সাহারপাড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার, স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও বেদনা বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী জানান, দুই বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যু স্বজন ও পরিচিতজনরা কিছুতেই বিশ্বাস করতে পারছে না। তাদের অকাল মৃত্যুতে পুরো সাহারপাড় গ্রামজুড়ে শোকের মাতম চলছে।

​এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, চট্টগ্রাম-কক্সবাজার সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী মারা যাওয়ার বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে নিহতদের স্বজনদের কাছ থেকে থানায় এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *