গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে অ্যাডভোকেট তৌফিকুল ইসলামকে আহ্বায়ক এবং ফজলুল কবির দারাকে সদস্য সচিব করে দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ বুধবার (২৯ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *