গার্দিওলাকেই দেখা যাবে ইতালির ডাগআউটে?

টানা তিনটি বিশ্বকাপে অনুপস্থিত থাকার হতাশা কাটিয়ে এবার বড় পরিবর্তনের পথে হাঁটতে চায় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। সেই লক্ষ্যে জাতীয় দলের নতুন কোচ হিসেবে পেপ গার্দিওলাকে আনার পরিকল্পনা করছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। প্রয়োজনে প্রচলিত আর্থিক কাঠামোর বাইরে গিয়ে হলেও তাকে দলে ভেড়াতে আগ্রহী তারা।

ইতোমধ্যে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা বার্সেলোনায় গিয়ে গার্দিওলার সঙ্গে সরাসরি বৈঠক করেছেন। এফআইজিসি সভাপতি জিওভান্নি মালাগো নিশ্চিত করেছেন, ৫৫ বছর বয়সী এই কোচের সঙ্গে ইতালির কোচের দায়িত্ব নিয়ে আলোচনা হয়েছে। দীর্ঘ এক দশক ম্যানচেস্টার সিটির দায়িত্ব পালনের পর গত মৌসুম শেষে ক্লাবটি ছেড়েছেন গার্দিওলা।

বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থতার পর গত এপ্রিলে কোচের পদ ছাড়েন জেন্নারো গাত্তুসো। তার উত্তরসূরি হিসেবে গার্দিওলাই এখন ফেডারেশনের প্রথম পছন্দ। যদিও তাকে নিয়োগ দিতে অন্যদের তুলনায় বেশি অর্থ ব্যয় হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মালাগো।

ইতালীয় সংবাদমাধ্যম গাজেত্তা দেল্লো স্পোর্তকে মালাগো বলেন, ‘বিশেষ কিছু ক্ষেত্রে আর্থিক ছাড় দেওয়া হয়েছে। বর্তমানে যে নামটি সবচেয়ে বেশি আলোচনায়, পেপ গার্দিওলার ক্ষেত্রেও তেমন ব্যতিক্রম হতে পারে।’

গার্দিওলার পাশাপাশি ইতালির সাবেক কোচ রবার্তো মানচিনি এবং সাবেক তারকা মিডফিল্ডার আন্দ্রে পিরলোও কোচ হওয়ার দৌড়ে রয়েছেন। তবে মালাগোর ভাষ্য অনুযায়ী, নির্দিষ্ট একটি প্রোফাইলের কোচ খোঁজা হচ্ছে এবং আলোচনায় থাকা নামগুলো সেই তালিকার অংশ।

তবে কোচিংয়ে দ্রুত ফেরার ব্যাপারে আগ্রহী নন গার্দিওলা নিজেই। ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মানসিকভাবে ফুটবলকে একটুও মিস করছি না। দীর্ঘ সময় ধরে এই খেলাটার সঙ্গে ছিলাম। এখন জীবনের অন্য দিকগুলো নতুন করে আবিষ্কার করতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *