গাজায় বহুতল ভবন ধসে নিহত ১২, ধ্বংসস্তূপে আটকা অনেকে

১৪ সেপ্টেম্বর মধ্য গাজা উপত্যকার ফিলিস্তিনি শরণার্থী শিবির ‘বুরেইজ’-এ একটি ধসে পড়া ভবনের ছাদে শিশুদের দেখা যাচ্ছে। ছবি: এএফপি

গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি বহুতল আবাসিক ভবন ধসে অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ধ্বংসস্তূপের নিচে ছয়টি পরিবারের সদস্যরা আটকা পড়েছেন বলে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকরা জানিয়েছেন।

স্থানীয় সময় আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, ভবন ধসে অন্তত ১২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন শিশু। খবর আল জাজিরার।

আল জাজিরার যাচাই করা ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে শিশুদের বের করে আনছেন। তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও হাতে করে ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারকাজে অংশ নেন।

প্রত্যক্ষদর্শী ও যাচাই করা ভিডিও অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুদের সাহায্যের জন্য চিৎকার শোনা যাচ্ছিল। তবে কংক্রিটের নিচে আটকে থাকা মানুষদের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীদের ব্যাপক সমস্যায় পড়তে হয়।

আরেকটি ভিডিওতে ধ্বংসস্তূপ থেকে একটি শিশুকে জীবিত উদ্ধার করতে দেখা যায়। আরও কয়েকজন, যাদের মধ্যে ছোট শিশুও ছিল, ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসার পর তাদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটি এর আগে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। হামলার পর ভবনটিতে ফাটল তৈরি হয়ে সেটি কাঠামোগতভাবে দুর্বল হয়ে পড়েছিল বলে জানানো হয়েছে।

গাজাজুড়ে যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত বা আংশিকভাবে ধ্বংস হওয়া হাজারো বাড়ি ও অ্যাপার্টমেন্ট এখনও বসবাসের অনুপযোগী। এসব ভবন যেকোনো সময় ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।

এ অবস্থায় গাজার অনেক বাসিন্দা অস্থায়ী আশ্রয়কেন্দ্র এবং আংশিক ধ্বংস হওয়া ভবনে বসবাস করছেন। মেরামতের জন্য প্রয়োজনীয় নির্মাণসামগ্রী এবং ধ্বংসস্তূপ সরাতে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি গাজায় প্রবেশে বিধিনিষেধ থাকায় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে।

ভারী যন্ত্রপাতির ঘাটতির কারণে সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীদের অনেক সময় হাতে করেই ধ্বংসস্তূপ সরাতে হচ্ছে। এতে ধসে পড়া ভবনের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে সময় বেশি লাগছে।

sn/sks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *