খুলনায় গৃহপরিচারিকা নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেপ্তার

খুলনায় গৃহপরিচারিকা মিলন চন্দ্র দাশের ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় সোনাডাঙ্গা থানার পুলিশ দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ওই গৃহপরিচারিকার মা  মিনতি রানী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় সোনাডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই  পপি রায়কে আসামি করা হয়েছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, গতকাল  বুধবার  সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এই পুলিশ দম্পতির বাসায় তরকারি পুড়ে যাওয়ার ঘটনায় গৃহপরিচারিকা মিলন দাশকে মারধর করেন এএসআই পপি রায়। তার শরীরে গরম কড়াইয়ের ছ্যাঁকাও দেন তিনি।

ওসি জানান, নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা উকিল চন্দ্রের মেয়ে গৃহপরিচারিকা মিলন চন্দ্র দাশ। পাঁচ বছর ধরে এএসআই সঞ্জয়ের বাসায় তিনি গৃহপরিচারিকার কাজ করে আসছেন। গতকাল বুধবার নির্যাতনের বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে গৃহকর্মী মিলনকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টার পাঠানো হয়। রাতে তার পরিবারকে খবর দেওয়া হয়। তারা সকালে খুলনায় আসেন এবং ভিকটিমের মা মিনতি রানী দাস বাদী হয়ে থানায় মামলা করেন।

ওসি আরও জানান, এএসআই পপি রায়কে আটকের পর তার বাম হাত-পা অবস হয়ে যাওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রাখা হয়েছে। তার স্বামী এএসআই সঞ্চয় কুমারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *