মাদারীপুরে পানি মেশানোর অভিযোগ তুলে জনসম্মুখে দুই খামারির মাথায় দুধ ঢেলে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কন্টেন্ট ক্রিয়েটর এনামুল বাঘাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৬ জুন) দুপুরে জেলার রাজৈর উপজেলার টেকেরহাট পূর্ব স্বরমঙ্গল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া এনামুল বাঘা পূর্ব স্বরমঙ্গল গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো গত ২২ জুন দুপুরে খালিয়া থেকে টেকেরহাট বাজারে দুধ বিক্রি করতে আসেন খামারি গোকুলসহ বেশ কয়েকজন। এ সময় ছোট একটি যন্ত্র নিয়ে বাজারে হাজির হন এনামুল। এরপর তিনি গোকুল, এক নারীসহ তিনজন বিক্রেতার দুধে পানি মেশানো আছে বলে দাবি করেন। এ সময় দুজনের মাথায় দুধ ঢেলে দেন তিনি। তাদের অকথ্য ভাষায় গালাগাল করেন। এ ঘটনায় হাসি-ঠাট্টায় মশগুল ছিলেন উৎসুক জনতা। সেই ভিডিও এনামুল বাঘা তার নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট করলে শুরু হয় আলোচনা-সমালোচনা। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এনামুল বাঘার বিচার দাবি করে অনেকে। বিষয়টি প্রশাসনের নজরে এলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, টেকেরহাট বাজারে উৎসুক জনতার মধ্যে দাঁড়িয়ে একে একে দুটি দুধের বোতল হাতে নেন কনটেন্ট ক্রিয়েটর এনামুল বাঘা। এ সময় দুধের বোতলের মধ্যে ছোট একটি কাঠি সদৃশ্য যন্ত্র দিলে কিছু অংশ ভেসে ওঠে। তখন এনামুল বাঘাকে বলতে শোনা যায় দুধে ৬০০ গ্রাম পানি মেশানো আছে, দুধের মালিক কে? খামারি গোকুলসহ দুজন দুধের মালিক পরিচয় দিয়ে সামনে এলে তাদের অকথ্য ভাষায় গালাগাল করে মাথায় সব দুধ ঢেলে দেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় উৎসুক জনগণকে হাসিঠাট্টা করতে দেখা যায়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, আজ জুমার নামাজের পর এনামুল বাঘাকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল আদালতে পাঠানো হবে।
ওসি আরও বলেন, এনামুল শুধু কনটেন্ট ক্রিয়েটর নয়, আওয়ামী লীগেরও বড় নেতা। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।